যুথবদ্ধ উদ্যোগে অনলাইন গুজব মোকাবেলায় ডিসিদের আহ্বান

৫ মার্চ, ২০২৪ ১৩:৪৭  

জবাবদিহিতা, শৃঙ্খলার স্বার্থে পেশাদার ও নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে এবং চলবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার, সাইবার বুলিং ও সাইবার ক্রাইম রোধে তথ্য ও সম্প্রচার এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে জেলা প্রশাসকগণদের কি প্রত্যাশা এবং তাঁদের কাছে আমাদের কি প্রত্যাশা এই বিষয়গুলো নিয়ে আলাচনা হয়। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার, সাইবার বুলিং ও সাইবার ক্রাইম রোধে তাঁদের করণীয় বিষয় সম্পর্কে জেলা প্রশাসকেরা জানতে চান। জবাবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৪টি কৌশলগত বিষয়ে কাজ করার পরামর্শ দেন। এগুলো হলো- ডিজিটাল লিটারেসি ও এআই লিটারেসি নিয়ে সচেতনতা তৈরি করা; প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা; বিদ্যমান আইনগুলোর শক্ত প্রয়োগ করা এবং একাডেমিয়া, মিডিয়া ও প্রাইভেট সেক্টরের সাথে সমন্বয় করে কাজ করা।

এছাড়াও প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে সেল স্থাপন করার আহ্বান জানালে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিটিসিএল ও আইসিটি ডিভিশনের পক্ষ থেকে ‘আইসিটি সেল’ স্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন পলক।

তিনি বলেন, সকল ধরণের গুজব, অপপ্রচার, সাইবার অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে আইসিটি ও আইন শৃংখলা কমিটির নিয়মিত সভার মাধ্যমে বিষয়গুলো আমাদেরকে অবগত করার আহ্বান জানাই।

কেবল পেশাদার ও নিবন্ধিত অনলাইন থাকবে

সম্মেলন শেষে গুজব নিয়ন্ত্রণে ডিসিদের পক্ষ থেকে কোনো সুপারিশ অথবা আপনার কোনো নির্দেশনা দিয়েছেন কি না প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, গুজব নিয়ে তারা খুব চিন্তার মধ্যে আছেন, এটা সবাই আছে। প্রতিরোধে আমরা কিছু আলাপ করেছি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেখুন অনলাইনের মাধ্যমে যেসব গুজবগুলো ছড়ায়, সেখানে তো আমি একা পারবো না। আমাদের এখানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আছেন। আমাদের একসাথেও কাজ করতে হবে। সেগুলো নিয়েও আমরা কাজ করছি।’

গুজব ঠেকাতে ডিসিরা কি ভূমিকা রাখতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘তারা তো তৃণমূলের সাথে সম্পৃক্ত। আমাদেরকে তথ্য পাঠাতে পারেন। প্রান্তিক পর্যায়ে কি ঘটনাগুলো ঘটছে, সেগুলো নিয়ে তারা অ্যাকশনে যেতে পারেন এবং আরও কিছু বিষয় আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ক্ষেত্রে। যেমন, ক্যাবল অপারেটর যারা তারা অনেক কিছু তাদের মত কনটেন্ট দিয়ে দেয়, অডিয়েন্সের কাছে পৌঁছায়। এখানে সেই কন্টেন্টগুলো আসলে সঠিক কি না, ক্লিন ফিল্ডের যে বিষয়গুলো আছে, সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, এ বিষয়গুলো আমরা বলেছি তাদের দেখা জন্য।’

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরাফাত বলেন, অনলাইনে কতগুলো আনরেজিস্টার্ড (অনিবন্ধিত) পোর্টাল আছে, যে পোর্টালগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। আমরা সেগুলোকে স্ট্রিমলাইন করাচ্ছি, একটা পরিকল্পনা আমাদের আছে। যারা পেশাদার এবং রেজিস্টার্ড (নিবন্ধিত) আইনগতভাবে সিদ্ধ, সেগুলোই থাকবে এবং চলবে। যাতে করে সবকিছুর মধ্যে একটা জবাবদিহিতা থাকে এবং একটা শৃঙ্খলা থাকে। যেটা আপনারা (সাংবাদিক) চান, বিভিন্ন সময় আপনারা দাবি করেন।